Advertise top
রাজনীতি

ফিরেছেন ৩০০ নেতা-কর্মী, দাবি আওয়ামী লীগের

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম    

ফিরেছেন ৩০০ নেতা-কর্মী, দাবি আওয়ামী লীগের
আওয়ামী লীগের নেতাদের সীমান্ত পর্যবেক্ষন। সংগৃহীত

গত দেড় মাসে প্রায় ৩০০ তরুণ নেতা-কর্মী ফিরেছেন বলে দাবি আওয়ামী লীগের। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার প্রস্তুতি চলছে বলে জানান নেতারা।

 

দলটির একজন নেতা বিবিসি বাংলাকে জানান, গত দেড় মাসে প্রায় ৩০০ তরুণ ও যুবক বাংলাদেশে ফিরেছেন। তাদের কেউ দলের, কেউ ছাত্রলীগ ও যুবলীগের মতো সহযোগী সংগঠনের নানা পর্যায়ের নেতা-কর্মী।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের দাবি, শেখ হাসিনার ফেরার ঘোষণার আগে থেকেই নেতা-কর্মীরা ধাপে ধাপে ফিরছেন। ফেরা ব্যক্তিদের নাম প্রকাশ করতে চাননি তারা। খুঁজে বের করে গ্রেপ্তার করা হতে পারে বলে মনে করেন নেতারা।

 

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেইন বলেন, তাদের কোনো গোপন কৌশল নেই। ফেরা একটি চলমান প্রক্রিয়া। তার দাবি, কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন বা বাধা পাচ্ছেন, তবু অনেকেই ফিরেছেন।

 

সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ জানান, সাংগঠনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। দেশের ভেতরের নেতা-কর্মীদের সংগঠিত করে ঢাকায় কারা কীভাবে হাজির হবেন, তা ঠিক করা হচ্ছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার ভাষ্য, আগামী সপ্তাহে দেশের ভেতরের আন্দোলনের গতি দেখে ফেরার পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। সম্প্রতি দলটির শীর্ষ নেতারা রবিবার, ২২ নভেম্বর পেট্রাপোলে এবং বুধবার, ২৫ নভেম্বর আখাউড়া সীমান্তে গিয়েছিলেন।

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। প্রত্যর্পণের অনুরোধে ভারত এখনো সাড়া দেয়নি। বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট বা ভ্রমণ নথি দেওয়ার সম্ভাবনাও নাকচ করেছে। ফলে ১৬ ডিসেম্বর তার ফেরা এখনো অনিশ্চিত।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal