Advertise top
বিদেশ

ইন্দোনেশিয়ায় অবৈধ খনিতে ১৩ জনের মৃত্যু

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম    

ইন্দোনেশিয়ায় অবৈধ খনিতে ১৩ জনের মৃত্যু
প্লাবিত সোনার খনির কাছে উদ্ধারকাজে ব্যস্ত কর্মীরা। সংগৃহীত

প্রবল বৃষ্টিতে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার অবৈধ সোনার খনির সুড়ঙ্গ প্লাবিত হয়ে আটকে পড়া ১৩ শ্রমিক মারা গেছেন।

 

জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার পংকর এলাকায় সোমবার, ২৩ নভেম্বর প্রবল বৃষ্টিতে খনির সুড়ঙ্গ প্লাবিত হয়। ভূগর্ভের ৩২৮ ফুট গভীরে তখন ২৬ জন শ্রমিক আটকা পড়েন। রয়টার্সের বরাতে বিডিনিউজ জানিয়েছে, তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

 

পশ্চিম জাভা পুলিশের প্রধান হেংকি রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে ছয়জনকে শনাক্ত করা গেছে। বাকি ১৩ শ্রমিককে উদ্ধারে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর তল্লাশি আবার শুরু হয়েছে। আবহাওয়া খারাপ না হলে অভিযান চলবে বলে তিনি জানান।

 

কর্তৃপক্ষ জানায়, খনির প্রবেশপথ সরু এবং বৃষ্টিতে পিচ্ছিল। ভেতরের সুড়ঙ্গ অন্ধকার। ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থার মতে, উদ্ধারকারীরা দুটি সুড়ঙ্গে বিশেষ নজর দিচ্ছেন এবং দড়ি ব্যবহার করে ভেতরে ঢুকছেন। খনির গভীরতা অভিযানকে আরও জটিল করেছে।

 

ইন্দোনেশিয়ায় ক্ষুদ্র পরিসরের অবৈধ খননে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্গম এলাকায় থাকা খনিজ সম্পদে নজরদারি চালানোও কঠিন। স্থানীয় সংবাদমাধ্যম দেতিকের বরাতে জানা গেছে, গত সপ্তাহে বোগোরের আরেক এলাকায় প্রায় ৩০টি অবৈধ খনিগর্ত বন্ধ করেছিল কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে একই এলাকার আরেক অবৈধ খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় কয়েকজন শ্রমিক মারা যান।

 

ওই অঞ্চলে সোনা উত্তোলনে যুক্ত রাষ্ট্রীয় খনি সংস্থা অ্যান্টাম জানিয়েছে, দুর্ঘটনার খনিটি অননুমোদিত। এটি তাদের কার্যক্রমের অংশ ছিল না।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal