বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন অব্যবহৃত বরিশালসহ পাঁচটি শিশু হাসপাতাল ডিসেম্বরে চালু হচ্ছে।
খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এগুলোর উদ্বোধন করবেন। নির্মাণকাজ শেষ হলেও এত দিন এসব হাসপাতাল ব্যবহার করা যায়নি।
প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে অব্যবহৃত হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। এরপরই প্রস্তুতি শুরু হয়। পাঁচ হাসপাতালের জন্য ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। আসবাব ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও শেষ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে জানান, বছরের শেষ দিকে পাঁচ হাসপাতাল একযোগে উদ্বোধন করা হবে।
স্বাস্থ্যসেবা বিভাগ মঙ্গলবার, ২৪ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে পাঁচ হাসপাতালে উপপরিচালক পদায়ন করেছে। বরিশাল শিশু হাসপাতালে দায়িত্ব পেয়েছেন ডা. মো. মজিবর রহমান। অন্য চারজন হলেন রাজশাহীর ডা. মো. বেলাল হোসেন, রংপুরের ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লার ডা. মো. জহিরুল ইসলাম ও খুলনার ডা. শওকত আলী। তাদের ২৯ নভেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে।
হাসপাতালগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়ার কথা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন