বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

গঙ্গা চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। কিন্তু আলোচনার কোনো সময়সূচি জানায়নি ভারত।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহও বাকি নেই। এখনো নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী দুই দেশের সম্মতি ছাড়া নবায়ন সম্ভব নয়।
বাংলাদেশ গত জুনে আলোচনার প্রস্তাব দেয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভারতের পানিসম্পদমন্ত্রীকে চিঠি দিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান।
এ্যানি বলেন, ১৯৭৭ সালের চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার। ওই চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় প্রবাহ কমলেও যেকোনো ১০ দিনে বাংলাদেশকে হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। বর্তমান চুক্তিতে এমন নিশ্চয়তা নেই।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর সরকারের কারিগরি কমিটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, গঙ্গার পানি কৃষি, খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির সঙ্গেও জড়িত।
ঢাকায় রবিবার, ২২ নভেম্বর যৌথ কমিটির ৯১তম বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়। তবে নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়নি। কারণ, এটি দুই দেশের সরকারের এখতিয়ার।
বুয়েটের পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, গ্যারান্টি ক্লজ না থাকলে ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হবে। বিশেষজ্ঞদের মতে, চুক্তি না হলে শুষ্ক মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা এবং কৃষি ও মৎস্য উৎপাদনে ক্ষতির আশঙ্কা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন