বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

প্রায় সাত হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি আসছে ডিসেম্বরে। কিন্তু তথ্যব্যবস্থায় কারিগরি ত্রুটি থাকায় শূন্য পদের সঠিক হিসাব মিলছে না। তাই প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, কেন্দ্রগুলোর তথ্য একত্র করে নিয়োগের চূড়ান্ত চাহিদা ঠিক করা হবে।
এর ভিত্তিতে প্রায় সাত হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা আছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার টেকনোলজিস্ট ও প্রায় দুই হাজার ফার্মাসিস্ট। বড় পরিসরের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে।
অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ আরও প্রায় ১৫০ জন নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। এর বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে আসতে পারে। জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ কিছু এলাকায় শেষ হয়েছে। কয়েকটি জেলায় মামলার কারণে প্রক্রিয়া শেষ হতে সময় লাগছে।
নন-মেডিকেল পদের মধ্যে ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগে একটি বিশেষ কমিটি হবে। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। লিখিত পরীক্ষায় কমিশনের মানদণ্ড মানা হবে, আর ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন হবে বলে জানান অধ্যাপক রুমি।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার জানামতে সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি। বেশির ভাগ মামলা কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ-সংক্রান্ত।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন