বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের সহকারী জজ শেখ ফারহান নাদিমকে মঙ্গলবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার স্ত্রীর বিষয়টি আদালতে জানালে তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত জজের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে বুধবার, ১৮ নভেম্বর এ বিষয়ে একটি লিখিত আবেদন করা হয়।বরিশাল গোয়েন্দা পুলিশ ও কোতয়ালি মডেল থানা বিষয়টি তদন্ত করছে।
বিচারক ফারহান নাদিম পরিবারসহ কেন্দ্রীয় শহিদ মিনারের পিছনে জজ কোর্ট কোয়ার্টারে বসবাস করেন।
আবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেন্দিগঞ্জ আদালত থেকে মাগরিবের নামাজ শেষে বাসার উদ্দেশে বের হন বিচারক ফারহান নাদিম। সন্ধ্যা ছয়টার দিকে তার স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে ফোন করে জানান, তিনি তখনো বাসায় ফেরেননি। পরে রাত আটটার দিকে আবার ফোন করে জানান, বিচারক এখনো বাসায় ফেরেননি এবং তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
বিষয়টি জানার পর অফিস সহায়ক নুর আলম আদালতের পেশকার মো. রাসেলুল হাসানকে ফোন করে বিচারকের বাসায় না ফেরার বিষয়টি জানান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়।
বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নগরের বিবির পুকুরের পশ্চিম পাড়ে সিসি ক্যামেরার ফুটেজে বিচারক ফারহান নাদিমকে দেখা গেছে। এ বিষয়ে আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনজীবী হাফিজ বাবলু বলেছেন, সিসি ক্যামেরায় বিচারককে জামে কশাই মসজিদে এশার নামাজ পড়তে দেখা গেছে। এছাড়া রাত ১০ টার দিকে সদর রোডের টপ টেন সুপার মার্কেটে দেখা গেছে বলে জানান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, জিডি করার জন্য আদালতের পক্ষ থেকে একজন এসেছিলেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন