বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘ট্যাগ’ দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা ও এক কর্মচারীকে বুধবার দুপুরে অফিস থেকে ধরে নিয়ে প্রক্টরের কাছে হস্তান্তর করে ছাত্রদল।এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও লাঞ্চিত করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদি হাসান সোহাগ বুধবার,১৮ নভেম্বর বিকালে চার কর্মকর্তা কর্মচারীকে মেট্রোপলিটন বন্দর থানায় হস্তান্তর করেন।
এব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে একসঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু সেই সুযোগ না নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চারজনকে আটক করে প্রক্টরের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।”
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, থানায় হস্তান্তর করা চার কর্মকর্তা- কর্মচারীরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
আটকের সময় কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, তাদের অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটকে রাখা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন