Advertise top
সংসদ

অপশক্তিকে প্রতিহত এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান স্পিকারের

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম    

অপশক্তিকে প্রতিহত এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান স্পিকারের
জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে স্পিকার। ছবি- বাসস

জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

 

স্পিকার বলেন, অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি ‘গৃহযুদ্ধ’ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।

 

তিনি আরও বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখবেন।’

 

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তাঁদের বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। সংসদে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

এসময় সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলের নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।

 

স্পিকার সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান তিনি।

 

পরে স্পিকার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জারি করা অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ২০২৬ সালের ৯ নভেম্বর শুরু হয়ে মোট ৮টি বৈঠক অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে ৪ টি বিল উত্থাপন এবং ৪ টি বিল পাস করা হয়।

 

আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩টি সংসদীয় কমিটি ও একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৭৪ টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৭ টি প্রশ্নের উত্তর প্রদান করেন। এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দানের জন্য প্রাপ্ত ৩ হাজার ৫৭৭ টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯ টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal