বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

মাঠ তদারকি ও দ্রুত ভূমিসেবার জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।
ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য এসব মোটরসাইকেল কেনা হবে। ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।
অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ মঙ্গলবার, ১৭ নভেম্বর এ-সংক্রান্ত সম্মতিপত্র জারি করেছে। উপসচিব র. হ. ম. আলাওল কবিরের স্বাক্ষরিত চিঠি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনা, সরেজমিন পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি ও জমাভাগ-সংক্রান্ত কাজ তদারকির জন্য মোটরসাইকেল প্রয়োজন। প্রত্যন্ত ও দুর্গম এলাকার কর্মকর্তাদের নিয়মিত মাঠে যেতে হয়। সেবাপ্রত্যাশীদের অভিযোগও সেখানে গিয়ে নিষ্পত্তি করতে হয়।
প্রতিটি মোটরসাইকেলের নির্ধারিত দাম এক লাখ ৯৩ হাজার টাকা। অর্থ বিভাগ কয়েকটি শর্তও দিয়েছে। কেনাকাটায় পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ মানতে হবে। খরচ মেটাতে হবে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাতে ২০২৬-২৭ অর্থবছরে পাওয়া বরাদ্দ থেকেই। বাড়তি বরাদ্দ মিলবে না।
ভূমি মন্ত্রণালয়ের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে এই সম্মতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন