Advertise top
বাংলাদেশ

এআইয়ে উদ্ভাবনক্ষম দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম    

এআইয়ে উদ্ভাবনক্ষম দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশ এআই বিজনেস সামিটে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন

বাংলাদেশকে শুধু এআইয়ের ব্যবহারকারী নয়, উদ্ভাবনেও সক্ষম দেশ হিসেবে গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার, ৫ নভেম্বর বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির পরিবর্তনে বাংলাদেশকে হতে হবে সক্রিয় অংশীদার। দেশ এআইনির্ভর নয়, বরং এআইসক্ষম ও মানবকল্যাণমুখী হওয়া চাই।

 

রাষ্ট্রপতির মতে, দেশের সবচেয়ে বড় শক্তি বিশাল তরুণ জনগোষ্ঠী। তাদের দক্ষ করে গড়ে তুললে তারা চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান সৈনিক হবে। তিনি বলেন, তৈরি পোশাকশিল্প যেভাবে দেশকে পরিচিতি দিয়েছে, এআইয়েও তরুণরা তেমন নতুন পরিচয় দিতে পারে।

 

বিশ্ববিদ্যালয় ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়াই লক্ষ্য হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।


 

উৎপাদনশীলতা, শিল্পের আধুনিকায়ন, রপ্তানি ও বিনিয়োগে এআইকে কৌশলগতভাবে কাজে লাগানোর কথা বলেন রাষ্ট্রপতি। ব্যবসায়ীদের তিনি বলেন, এআইকে শুধু ব্যয় কমানোর হাতিয়ার ভাবলে চলবে না। নতুন পণ্য, নতুন বাজার ও নতুন কর্মসংস্থানের মাধ্যম হিসেবেও একে দেখতে হবে।

 

রাষ্ট্রপতি জানান, সরকার মূল্যবোধকেন্দ্রিক জাতীয় এআই নীতিমালার কাজ শুরু করেছে। এতে নৈতিকতা, মানবাধিকার, ঝুঁকিভিত্তিক নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল ব্যবহারে জোর দেওয়া হয়েছে। বাংলা ভাষাভিত্তিক জাতীয় এআই সক্ষমতা গড়ার কাজও শুরু হয়েছে।

 

তিনি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বড়। তাই এআই নতুন বেকারত্ব তৈরি করবে কি না, তা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। প্রযুক্তি যেন সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে না নেয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি। রাষ্ট্রপতির ভাষ্য, নিরাপদ ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত না হলে মানবসভ্যতা অস্তিত্বের সংকটেও পড়তে পারে।

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্সের যৌথ আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ এবং মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন। মূল বক্তব্য দেন রেডিনেস অ্যান্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস লিমিটেড-যুক্তরাজ্যের সিইও আলমগীর হোসেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal