বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম

দাফনে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজনের নাম বলায় হুমকি পাচ্ছেন বলে জানিয়ে এলাকা ছেড়েছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন হেনা বেগম।
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক পশারীর বাড়ি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। দুই মাস অসুস্থ থাকার পর তিনি শনিবার, ২৪ অক্টোবর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামাতার বাড়িতে মারা যান।
পিরোজপুরে গার্ড অব অনার দেওয়াকে ঘিরে ওই দিন উত্তেজনা দেখা দেয়। কয়েকজন স্থানীয় ব্যক্তি সেখানে দাফন না করার দাবি জানান। শেষ পর্যন্ত গভীর রাতে পুলিশি পাহারায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হেনা বেগম জানান, দাফনে বাধা দেওয়ার ঘটনায় তিনি গণমাধ্যমে জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মীর নাম বলেছিলেন। এরপর থেকে তাকে নানা হুমকি দেওয়া হচ্ছে। তিনি বুধবার, ২৮ অক্টোবর স্বজনদের সঙ্গে এলাকা ছাড়েন। হেনা বেগম বলেন, “রাতে ঝুপড়িঘরে থাকতে ভয় পাই। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”
মানিকের ভাই খুলনার বটিয়াঘাটার বাসিন্দা পান্না পশারীর অভিযোগ, শনিবার, ২৪ অক্টোবর দুপুরে পিরোজপুরের পুরান বাসস্ট্যান্ডে হুমকি দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
চিতলিয়া গ্রামটি জিয়ানগর উপজেলার সীমান্তঘেঁষা। এই উপজেলা জামায়াতের আমির আলী হোসেন বলেন, দলের পক্ষ থেকে মানিকের কোনো স্বজনকে হুমকি বা হয়রানি করা হয়নি। এ অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।
পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, দাফনের পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ নজর রাখছে এবং গ্রাম পুলিশও খোঁজ রাখছে। তার ভাষ্য, এলাকার পরিস্থিতি শান্ত।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন