Advertise top
খেলা

তৃণমূলের খেলোয়াড় খুঁজতে প্রতি উজেলায় স্টেডিয়াম হবে: প্রতিমন্ত্রী

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম    

তৃণমূলের খেলোয়াড় খুঁজতে প্রতি উজেলায় স্টেডিয়াম হবে: প্রতিমন্ত্রী
বরিশালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বরিশাল নিউজ ডটকম

তৃণমূলের প্রতিভা খুঁজে বের করতে আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম হবে। বরিশালে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মঙ্গলবার, ২৭ অক্টোবর বরিশালে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে এ ঘোষণা দেন। বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়াম হলে স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা বাড়বে। জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগও বাড়বে। তার মতে, খেলাধুলা তরুণদের সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে।

 

খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হচ্ছে বলে জানান। দেশের নানা প্রান্তের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে জাতীয় পর্যায়ে তুলে আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ও জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ অন্য নেতারা।

 

পরে প্রতিমন্ত্রী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়ায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ রক্ষায় এ উদ্যোগ ভূমিকা রাখবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহজ শর্তের ঋণের মাধ্যমে কার্যক্রমটি প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal