Advertise top
আদালত-অপরাধ

সুগন্ধায় মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম    

সুগন্ধায় মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার বিবরণ তুলে ধরেন। বরিশাল নিউজ ডটকম

মা ইলিশ রক্ষার অভিযান থামাতে নলছিটিতে মৎস্য বিভাগের দলের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন সাতজন।

 

সুগন্ধা নদীতে অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের দলটির ওপর হামলা হয়। নলছিটির কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় মঙ্গলবার, ২৭ অক্টোবর ভোরে এ ঘটনা ঘটে।

 

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে একটি স্পিডবোট ও একটি ট্রলারে ভোর সাড়ে তিনটায় অভিযান শুরু হয়। ফেরার পথে ভোর ৪টা ২০ মিনিটের দিকে জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় পৌঁছালে ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা একদল ব্যক্তি দলটির গতিরোধ করেন বলে অভিযোগ। তাদের হাতে রামদা ও লাঠিসোঁটা ছিল বলেও অভিযোগ করা হয়েছে।

 

এক পর্যায়ে তারা হামলা চালান। জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন। আহত অন্যরা হলেন আনসার ও ভিডিপির হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সেলিম মিয়া, নৌকার মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা। তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নেন।

 

মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ব্রিফিং করেন এনামুল হক। তিনি বলেন, “ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়।”

 

তার অভিযোগ, হামলাকারীরা নৌকার চালক ও মাঝিকে মারধর করেন। রামদা দেখিয়ে ভবিষ্যতে অভিযানে অংশ না নিতে হুমকিও দেন। মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal