Advertise top
বরগুনা

কুয়াকাটাগামী পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ২৫

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩ পিএম    

কুয়াকাটাগামী পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ২৫
দুর্ঘটনার শিকার ইমরান পরিবহনের বাস। বরিশাল নিউজ ডটকম

ঢাকা থেকে কুয়াকাটাগামী পর্যটকবাহী একটি বাস বান্দ্রা এলাকায় সড়কের পাশে খাদে পড়েছে। এতে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

 

ঢাকা থেকে আগের রাতে ছেড়ে আসা ইমরান পরিবহনের বাসটি বৃহস্পতিবার, ২২ অক্টোবর সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাটি সকাল সাড়ে ছয়টার দিকে ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়।

 

আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম জানান, বাসের বেশির ভাগ যাত্রী কুয়াকাটার পর্যটন কার্নিভ্যালে যোগ দিতে যাচ্ছিলেন।

 

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। তাদের আমতলী ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত চার থেকে পাঁচজনকে পাঠানো হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, প্রত্যেক যাত্রীই কমবেশি আহত হয়েছেন। সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের আঘাত বেশি, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে পাঠানো হয়েছে।

 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জনকে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মাহবুবুর আলম জানান, বান্দ্রা বাজারে পৌঁছানোর আগের স্টপেজে বাসের চালক নেমে যান। এরপর হেলপার বাসটি চালাচ্ছিলেন। সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, ঘটনার সময় হেলপার বাস চালাচ্ছিলেন।

 

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় কেউ নিহত হননি বলে তিনি জানান। তার হিসাবে আহত যাত্রীর সংখ্যা ২০ থেকে ২৫। তবে স্থানীয় সূত্রে আহতের সংখ্যা অন্তত ৩০ বলে জানা গেছে।

 

ওসি আরও জানান, চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal