Advertise top
বিদেশ

শ্রীলঙ্কায় উড়বে যাত্রীবাহী ড্রোন

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম    

শ্রীলঙ্কায় উড়বে যাত্রীবাহী ড্রোন
ইহাংয়ের তৈরি দুই আসনের যাত্রীবাহী ড্রোন । সংগৃহীত

পর্যটন, জরুরি চিকিৎসা ও দুর্গম এলাকায় পণ্য পৌঁছাতে দক্ষিণ এশিয়ায় প্রথম যাত্রীবাহী ড্রোন চালু করছে শ্রীলঙ্কা।

 

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএসএল) মহাপরিচালক দামিন্দা রামবুকওয়েল্লা জানান, প্রকল্পের প্রথম যানটি কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শ্রীলঙ্কার ডেইলি মিররের বরাতে জানা গেছে, অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম সপ্তাহে কলম্বো পোর্ট সিটি থেকে যাত্রী নিয়ে প্রথম উড়ান হতে পারে।

 

গন্তব্য চূড়ান্ত হবে শুক্রবার, ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে। রামবুকওয়েল্লা জানান, সব আইনি ও নিয়ন্ত্রণমূলক প্রক্রিয়া শেষ হয়েছে। অ্যাডভান্সড এয়ার মোবিলিটি ব্যবস্থার নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।

 

চীনা কোম্পানি ইহাংয়ের দুই আসনের যানটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। একই ধরনের আরেকটি ড্রোন ২৮ নভেম্বর পৌঁছানোর কথা রয়েছে। আগামী বছর চার থেকে ছয় আসনের বড় ড্রোন চালুর পরিকল্পনা আছে। ২০ কিলোমিটারের মধ্যে প্রতি ৩০ মিনিট পর শাটল সার্ভিসের মতো চলবে এগুলো।

 

প্রতিটি ড্রোন ৪০০ থেকে ৫০০ ফুট উচ্চতায় চলবে। নিরাপত্তার জন্য থাকবে রিয়েল-টাইম ট্র্যাকিং। ওঠানামা ও চার্জের জন্য প্রয়োজন হবে ভার্টিপোর্ট নামের বিশেষ টার্মিনাল।

 

রামবুকওয়েল্লার মতে, একটি ড্রোনের দাম কিছু দামি ইলেকট্রিক গাড়ির চেয়েও কম হতে পারে। চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড এ প্রযুক্তি আগেই চালু করেছে। শ্রীলঙ্কা আগে পাইলট প্রকল্পে এর উপযোগিতা যাচাই করবে। সাফল্য নির্ভর করবে পাইলটের ফল, নীতিমালার অনুমোদন ও অবকাঠামোর ওপর।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal