Advertise top
বিদেশ

বিক্ষোভে পুড়ল ফ্রান্সের ১৪৩ বছর বয়সী সিটি হল

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম    

বিক্ষোভে পুড়ল ফ্রান্সের ১৪৩ বছর বয়সী সিটি হল
আগুনে পুড়ছে ফ্রান্সের লিমোজ সিটি হল। সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রতিবাদে চলা বিক্ষোভের মধ্যে ফ্রান্সের লিমোজ সিটি হলে আগুন দেওয়া হয়েছে। ভবনটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

 

দেশজুড়ে বিক্ষোভের মধ্যে শনিবার, ১৭ অক্টোবর লিমোজ শহরের ১৪৩ বছরের পুরোনো এই ভবনে অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা একদল বিক্ষোভকারী প্রথমে বাইরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়। এরপর তারা জানালা ভেঙে ভেতরে ঢুকে ভবনে আগুন ধরিয়ে দেয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়।

 

স্থানীয় সরকারি কর্মকর্তা মরিস বারাত বার্তা সংস্থা এএফপিকে জানান, পশ্চিম অংশ ছাড়া পুরো ছাদ ধসে পড়েছে। বাইরের অংশের দুই-তৃতীয়াংশও নষ্ট হয়েছে। তিনি ঘটনাটিকে ‘ঐতিহ্যের জন্য বিপর্যয়’ বলে বর্ণনা করেন। একই সঙ্গে এটিকে ‘দুষ্কৃতকারীদের ইচ্ছাকৃত কর্মকাণ্ড’ বলে নিন্দা জানান।

 

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয়, স্কুলের সংকট ও সরকারি সেবার মান কমে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়। ফরাসি সরকারের হিসাবে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নামে। সিজিটি ইউনিয়ন রয়টার্সকে জানিয়েছে, তাদের ধারণায় অংশগ্রহণকারী ছিল প্রায় আট লাখ। সরকার জানায়, অন্তত ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

প্যারিসে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, সহিংসতায় ১৫০ পুলিশ সদস্য আহত হয়েছেন। অস্থিরতার জন্য ‘উগ্র বামপন্থীদের’ দায়ী করেছে ফরাসি সরকার।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal