বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

আটক এক মার্কিন নাগরিকের মুক্তির জন্য মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন ওয়াশিংটনের এক কর্মকর্তা। এতে নীতি বদলের ইঙ্গিত মিলছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর গোয়েন্দা ও গবেষণা বিষয়ক সহকারী সচিব মাইকেল ভ্যান্স নেপিদোতে সেপ্টেম্বরে এ বৈঠক করেন। ক্ষমতা দখলের পর মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করা যুক্তরাষ্ট্রের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা তিনিই। স্থানীয় আমেরিকান চেম্বার অব কমার্সের সঙ্গে বিরোধের জেরে জুনে আটক হন মার্কিন নাগরিক অ্যাডাম কাস্তিয়ো।
সাম্প্রতিক সময়ে বাইডেন প্রশাসনের আমলে নিষেধাজ্ঞা পাওয়া কয়েকজন ব্যবসায়ীকে তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সাধারণ নির্বাচনকেও ওয়াশিংটন অবাধ বা সুষ্ঠু নয় বলে নিন্দা করেনি।
মিয়ানমারে বিরল মৃত্তিকা খনিজের বড় মজুত আছে। চীন রপ্তানি বন্ধ করার পর বিকল্প উৎস খোঁজাকে অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে বেশির ভাগ খনিজ এমন এলাকায়, যেখানে জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাত চলছে। এখন সেগুলো তুলছে চীনা কোম্পানি।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, শিরোনামে যা বলা হচ্ছে, বাস্তবে পরিবর্তন তার চেয়ে কম। মিন অং হ্লাইংয়ের ওপর এখনো নিষেধাজ্ঞা আছে। হর্সির মতে, তার পরবর্তী চাওয়া নিষেধাজ্ঞা শিথিলের, যা অর্জন করা আরও কঠিন হবে।
লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক পরিচালক হান্টার মার্সটন বলেন, নেপিদোর সঙ্গে আলোচনা করা নিজে থেকে ভুল নয়। তবে মানবিক সহায়তার সুযোগ ও বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধের মতো বিষয়ে ছাড় আদায় করা উচিত।
বাংলাদেশের প্রতিবেশী এই দেশটি ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধে বিধ্বস্ত।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন