বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে শুক্রবার, ২৩ অক্টোবর থেকে দুই দিনের পর্যটন কার্নিভ্যাল শুরু হচ্ছে। আয়োজকেরা ছয় লাখের বেশি পর্যটকের সমাগম আশা করছেন।
নয় বছরের বিরতির পর কুয়াকাটা সৈকতে আবার বসছে কার্নিভ্যালের আসর। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ২৩ ও ২৪ অক্টোবর ‘কুয়াকাটা পর্যটন কার্নিভ্যাল-২০২৬’ অনুষ্ঠিত হবে। সৈকত ও আশপাশে সাজসজ্জা, পরিচ্ছন্নতা ও পর্যটকদের সেবার প্রস্তুতি চলছে।
কার্নিভ্যালের কর্মসূচি
বিচ ফুটবল, বিচ ম্যারাথন, বিচ ক্রিকেট ও ভলিবল
ঘুড়ি উৎসব এবং পিঠা ও খাবারের উৎসব
ফ্যাশন শো, পুথিপাঠ ও বাউলগানের আসর
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা
তারকা কনসার্ট ও চর বিজয়ে আনন্দভ্রমণ
সেলিব্রেটি বিচ ক্রিকেটে খেলার কথা রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন এবং ক্রিকেটার তাওহীদ হৃদয়ের।
পর্যটক ও আবাসন
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান জানান, কার্নিভ্যালকে ঘিরে ছয় লাখের বেশি পর্যটক কুয়াকাটায় আসবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, এর মধ্যে তিন লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন।
এত পর্যটকের থাকার জন্য হোটেল-মোটেলের পাশাপাশি হোম স্টে ও বিকল্প আবাসনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে হোটেল ও রিসোর্টে কক্ষ বুকিং বেড়েছে। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, এই আয়োজন স্থানীয় ব্যবসায় গতি ফেরাবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন