বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম

ভোলার বোরহানউদ্দিনে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই মারা গেছেন। গুরুতর আহত তাদের বাবা হাসপাতালে চিকিৎসাধীন।
বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে আইয়ুব আলীর বসতঘরের পূর্ব পাশের বাগানে বৃহস্পতিবার, ২২ অক্টোবর দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। তারা ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। মামার বাড়িতে গাছ কাটতে গিয়ে তারা এই দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল থেকে আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটছিলেন আলম বক্তার ও তার দুই ছেলে রহিম ও রাকিব। দুই ছেলে গাছে উঠে কাজ করছিলেন। বাবা নিচে ডালপালা কাটছিলেন।
একপর্যায়ে নিচে থাকা আলম বক্তার বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে রাকিব দ্রুত গাছ থেকে নেমে বাবাকে বাঁচাতে যান। তখন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। গাছে থাকা বড় ভাই রহিম নিচে নেমে আসার পর তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আলম বক্তার সেখানেই চিকিৎসাধীন।
বোরহানউদ্দিন থানার ওসি আশ্রাব আলী ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন