বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

সরকার বদলের পর পাঠ্যবই পরিমার্জনে সপ্তম শ্রেণির বইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনা আবার বদলাচ্ছে। পরিবর্তন আসছে আগামী শিক্ষাবর্ষে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই পরিমার্জন করেছে। ইতিহাসসহ বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তন আসছে। প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণির জন্য প্রায় ৩১ কোটি বই ছাপা হচ্ছে।
সপ্তম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের প্রথম অধ্যায়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনা আছে। নতুন বইয়ে বলা হয়েছে, ২৫ মার্চ রাতের হত্যাযজ্ঞের খবর পেয়ে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ করেন। তিনি ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে ব্যাটালিয়নের বাঙালি অফিসার ও সৈনিকদের সামনে স্বাধীনতার ঘোষণা দেন। পরে ২৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় কালুরঘাটের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আবার ঘোষণা দেন তিনি। সেখানে তিনি নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি ও লিবারেশন আর্মির সর্বাধিনায়ক হিসেবে পরিচয় দেন। এরপর শেখ মুজিবুর রহমানের পক্ষেও আরেকটি ঘোষণা দেন তিনি।
চলতি শিক্ষাবর্ষের বইয়ে অন্তর্বর্তী সরকারের সময়ের বর্ণনা ভিন্ন। সেখানে বলা আছে, জিয়াউর রহমান ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। পরদিন ২৭ মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার ঘোষণা দেন। আওয়ামী লীগ সরকারের আমলের ২০২২ সালের বইয়ে ছিল, বঙ্গবন্ধু গ্রেপ্তারের আগে ২৫ মার্চ মধ্যরাতে স্বাধীনতা ঘোষণা করেন।
ইতিহাসে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী এবং ৭ নভেম্বরের ঘটনাও যুক্ত হচ্ছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা এবং জিয়াউর রহমানের একটি নিবন্ধও থাকছে।
মুক্তিযুদ্ধের ইতিহাসের গবেষক আফসান চৌধুরী বলেন, প্রত্যেক সরকারই রাষ্ট্রের ইতিহাস বদলায়। এতে ইতিহাসের চেয়ে রাজনীতির চর্চাই বেশি হয় বলে তিনি মনে করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন