Advertise top
পটুয়াখালী

পায়রা নদীতে অভিযানদলের ওপর হামলা

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ পিএম    

পায়রা নদীতে অভিযানদলের ওপর হামলা
জব্দকৃত জাল পোড়ানো হয়। বরিশাল নিউজ ডটকম

মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্যকারীদের ধরতে গিয়ে মির্জাগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তার দল ইট-পাটকেলের হামলার মুখে পড়েছে।

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীতে মঙ্গলবার, ১৩ অক্টোবর বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। জায়গাটি দুই নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ভিকাখালী গ্রামের পাশে।

 

গোপন খবর পেয়ে কোস্ট গার্ড কর্মকর্তা শফিকুল ইসলাম উপজেলা মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অভিযানে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দলের উপস্থিতি টের পেয়ে শিকারে থাকা ব্যক্তিরা জাল ফেলে নৌকা নিয়ে তীরে ওঠেন। সেখান থেকে তারা স্পিডবোট ও ট্রলার লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন।

 

এতে স্পিডবোটের সামনের কাচ ভেঙে যায়। উপজেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান মাথায় আঘাত পান।

 

হামলার পরও অভিযান চালিয়ে যায় দলটি। এতে দুটি নৌকা ও প্রায় ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামপুলিশের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

খবর পেয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল ঘটনাস্থলে যান। তিনি জানান, হামলাকারীদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও মৎস্য অফিসের তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ব্যক্তিদের নাম উল্লেখ করে মামলা করা হবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal