বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন বরিশালের মঈন খান। ঢাকার নাঈম শেখ ও রংপুরের মিম মোসাদ্দেক শতক পেয়েছেন।
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসরের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে শনিবার, ১০ অক্টোবর তিন ম্যাচেই ব্যাটারদের দাপট দেখা গেছে। বরিশালের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মঈন। ঢাকা ও রংপুরের দুই ব্যাটার সেঞ্চুরি তুলে নিয়েছেন।
বরিশাল-চট্টগ্রাম
কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় বরিশাল। ষষ্ঠ ওভারেই অধিনায়ক ইফতিখার রহমান ইফতিকে হারায় দলটি। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও রাফসান আল মাহমুদ ৫০ রানের জুটি গড়েন। রাফসান ২২ বলে তিন চারে ১৮ রান করেন।
চার নম্বরে নেমে সালমান হোসেন ইমন ফেরেন মাত্র চার রানে। দলীয় ১১২ রানে আউট হন জাওয়াদ। ৮২ বলের ইনিংসে তার ছিল আট চার ও দুই ওভারবাউন্ডারি।
এরপর মঈন খান ও হাফিজুর রহমান ১০৯ রানের জুটি গড়েন। হাফিজুর ৪৪ রান করেন। মঈন ১১৩ বলে ১১ চার ও দুই ওভারবাউন্ডারিতে ৯৭ রানে আউট হন। শতক থেকে তিন রান দূরে থেমে যান তিনি।
শেষ পর্যন্ত ২৮২ রানে অলআউট হয় বরিশাল। চট্টগ্রামের হাসান মুরাদ ৮৫ রান দিয়ে চার উইকেট নেন। জবাবে চট্টগ্রাম দিন শেষ করেছে বিনা উইকেটে ৭২ রানে। ওপেনার মাহমুদুল হাসান জয় ২৯ ও সাদিকুর রহমান ৪১ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বরিশালের চেয়ে চট্টগ্রাম এখনো ২১০ রানে পিছিয়ে।
রংপুর-ময়মনসিংহ
সিলেটের একাডেমি মাঠে টস জিতে ব্যাটিং করে রংপুর। দিন শেষে দলটির সংগ্রহ ছয় উইকেটে ৩৭০ রান। ষষ্ঠ ওভারে ওপেনার অনিক সরকার সেতু ১৬ রানে ফেরেন।
এরপর মিম মোসাদ্দেক ও ইকবাল হোসেন ২০৮ রানের জুটি গড়েন। ইকবাল ১৪৭ বলে ১১ চারে ৭৮ রান করে আউট হন। আব্দুল্লাহ আল মামুনকে সঙ্গী করে মোসাদ্দেক সেঞ্চুরি পূর্ণ করেন। দলীয় ২৮৯ রানে আউট হওয়ার আগে তিনি খেলেন ১৫৭ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ২৩টি চার, বল খেলেন ২১২টি।
অধিনায়ক আকবর আলী ৪২ বলে তিন চার ও দুই ওভারবাউন্ডারিতে ৩০ রান করেন। তিনি আউট হওয়ার তিন বল পরই ফেরেন মামুন। মামুনের ব্যাট থেকে আসে ৮৮ বলে ৬১ রান। দিন শেষে নবিন ইসলাম ১০ রানে অপরাজিত আছেন। ময়মনসিংহের আব্দুল্লাহ হিল গালিব ৬৭ রান দিয়ে দুই উইকেট নেন। আজিজুল হাকিম রনিও দুই উইকেট পান।
ঢাকা-সিলেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেটে ৩৪৩ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা। আগের ম্যাচে একাদশে ছিলেন না জিসান আলম। নাঈম শেখ আউট হয়েছিলেন শূন্য রানে। এবার দুজনই দারুণ ব্যাটিং করেন।
প্রথম উইকেটে তাদের জুটিতে আসে ১৫৫ রান। জিসান ১৩২ বলে ১১ চার ও দুই ওভারবাউন্ডারিতে ৮১ রান করে আউট হন। তিন নম্বরে নেমে আশিকুর রহমান শিবলি ফেরেন ১০ রানে।
বাঁহাতি ওপেনার নাঈম ২১৫ বলে ১১ চার ও তিন ওভারবাউন্ডারিতে ১৩১ রান করেন। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। দিন শেষে মার্শাল আইয়ুব ৮০ ও মাহিদুল ইসলাম অংকন ৩২ রানে অপরাজিত আছেন। সিলেটের নাসুম আহমেদ ১১৪ রান দিয়ে দুই উইকেট নেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন