বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। ব্যাটিংয়ে দলটি অলআউট হয় ১৬৬ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুই বল বাকি থাকতেই গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া ১৬৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে হাতে ১৪৬ বল রেখে। ফলে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নিগার সুলতানার দল।
ইনিংসের প্রথম বলেই মেগান শুটের শিকার হন ওপেনার ফারজানা হক। তৃতীয় ওভারে শুটই ফেরান আরেক ওপেনার শারমিন সুলতানাকে। তখন বাংলাদেশের স্কোর ১১/২।
পাল্টা আক্রমণে যান শারমিন আক্তার। ২৬ বলে ২৪ রান করে অ্যানাবেল সাদারল্যান্ডের প্রথম শিকার হন তিনি। স্কোর তখন ৩৩/৩। আরও ১৫ রান যোগ হতেই ১৭ বলে দুই রান করে ফেরেন সোবহানা মুশতারি।
এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার। তিনি ফেরেন ২৮তম ওভারে, ৮৬ বলে ২৯ রান করে। তখন দলের স্কোর ৮৩। স্বর্ণা ৫০ বলে ২১ রান করে ১০৩ রানে বিদায় নেন।
এরপর বাংলাদেশকে ১৬৬ পর্যন্ত নিয়ে যান রিতু মনি। ৬৩ বলে ৪৫ রান করে ৪৮তম ওভারে রানআউট হন তিনি। তার বিদায়ের পর দুই বল হাতে রেখেই অলআউট হয় দল। অস্ট্রেলিয়ার হয়ে সাদারল্যান্ড নেন চার উইকেট।
লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন ১৭ বছর বয়সী পেসার হাবিবা আক্তার। ওয়ানডে অভিষেক হয় তার এ ম্যাচেই। দলের ৩০ রানে তার বলে ক্যাচ দেন জর্জিয়া ভল।
এরপর দ্বিতীয় উইকেটে ৬৬ বলে ৮৯ রান যোগ করেন এলিস পেরি ও ফিবি লিচফিল্ড। জয়ের পথ তাতেই সহজ হয়ে যায়। রাবেয়া খানের বলে ক্যাচ দিয়ে ৫৭ বলে ৭৭ রান করে ফেরেন লিচফিল্ড। অপরাজিত ২৬ রানে থেকে মাঠ ছাড়েন পেরি।
ম্যাচের আগে নিগার বলেছিলেন, যেকোনো দলকে চমকে দিতে পারেন তারা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে দুই দিন পর অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন