Advertise top
বরিশাল জেলা

ববির সামনে ফোর লেন ও ফুটওভার ব্রিজ হচ্ছে

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম    

ববির সামনে ফোর লেন ও ফুটওভার ব্রিজ হচ্ছে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক। ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফোর লেন সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। কাজ শুরু হতে পারে এক মাসের মধ্যে।

 

দপদপিয়া সেতু সংস্কারের পাশাপাশি দপদপিয়া টোল প্লাজা থেকে মাইশা চত্বর পর্যন্ত পুরো সড়ক কংক্রিটের (আরসিসি) করার উদ্যোগও নিয়েছে সড়ক বিভাগ। বিশ্ববিদ্যালয়ের সামনে ফোর লেন সড়কের সঙ্গে থাকছে ড্রেনেজ ব্যবস্থা ও পথচারীদের চলাচলের পথ।

 

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ফোর লেনের কংক্রিট সড়ক ও ফুটওভার ব্রিজের নির্মাণকাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে।

 

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত

বরিশাল সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রাব্বি দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই এ সিদ্ধান্ত নেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসছিলেন। ফজলে রাব্বি এসব দাবিকে যুক্তিসংগত বলে উল্লেখ করেন।

 

তিনি বলেন, “দপদপিয়া টোল থেকে মাইশা চত্বর পর্যন্ত সড়কটি কংক্রিটের করা হবে, যাতে এটি দীর্ঘস্থায়ী হয়। ববি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ক্যাম্পাসের সামনে ফোর লেন ও ফুটওভার ব্রিজ করা হবে।”

 

বিভাগজুড়ে সড়ক উন্নয়নের প্রস্তাব

ফজলে রাব্বি জানান, বরিশাল বিভাগের সড়ক অবকাঠামো উন্নয়নে প্রায় চার হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হয়েছে। প্রস্তাবটি দ্রুত অনুমোদন পাবে বলে তিনি আশা করছেন। মুলাদী-হিজলাসহ বিভাগের সব আঞ্চলিক সড়ক প্রশস্ত করার কাজও হাতে নেওয়া হয়েছে।

 

উদ্যোগে সন্তোষ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “দপদপিয়া সেতু থেকে ক্যাম্পাস পর্যন্ত সড়কটি প্রতিদিনের দুর্ঘটনার আতঙ্কের নাম ছিল। নতুন প্রকৌশলী যোগদানের পরপরই আমাদের দাবি মেনে নিয়ে সড়ক ও ফুটওভার ব্রিজের উদ্যোগ নেওয়ায় আমরা আনন্দিত।”


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal