বরিশাল নিউজ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম

বরিশালে ক্রিকেট ফেরাতে চান বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম। আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর কাজও চলছে বলে জানান তিনি।
কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম পরিদর্শন শেষে বৃহস্পতিবার, ১ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানিম।
তিনি বলেন, “আমরা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, বাংলাদেশ ক্রিকেটকে আমরা বরিশালে ফেরাতে চাই।” একই সঙ্গে বরিশালে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর উদ্যোগও চলমান বলে জানান তিনি।
তানিমের মতে, যেসব জায়গায় নতুন স্টেডিয়াম হয়েছে, সেগুলো জাতীয় পর্যায়ের ক্রিকেট আয়োজনের সুযোগ পাওয়ার দাবিদার।
স্টেডিয়ামের সংস্কারকাজের অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি। তানিম বলেন, ‘‘স্টেডিয়ামের সংস্কারসহ আনুষঙ্গিক সব কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। তবে এ জন্য কাউকে দোষারোপ করতে চাই না। এখন দ্রুত মাঠ হস্তান্তরের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।’’
বরিশালে ডিসেম্বরের শেষ দিকে জাতীয় পর্যায়ের একটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। বাকি ২০ শতাংশ কাজ তার আগেই শেষ হবে বলে জানান তানিম। তিনি বলেন, ‘‘ডিসেম্বরে টুর্নামেন্টের বেশির ভাগ খেলা বরিশালে হোক, সেটাই আমরা চাই। নতুন স্টেডিয়াম হিসেবে আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।’’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন