বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার, ২৮ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবিরের ভাষ্য, দেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে হলে বিমানের বহর বড় করতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ তার প্রয়োজনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে।’
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে বিমান ও বোয়িং একটি সম্পূরক চুক্তি সই করে। এর আওতায় আরও ১১টি উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮। এতে চলতি বছর বোয়িংয়ের কাছে বিমানের মোট ক্রয়াদেশ দাঁড়াল ২৫টিতে।
চুক্তিতে সই করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং) ব্র্যাড ম্যাকমুলেন। রুমী এ হোসেন জানান, বহর পরিকল্পনার সুনির্দিষ্ট চাহিদা বিবেচনায় এ ক্রয়াদেশ দেওয়া হয়েছে।
বোয়িংয়ের দাবি, বদলি হওয়া পুরোনো উড়োজাহাজের তুলনায় নতুনগুলোতে জ্বালানি সাশ্রয় হবে ২০ থেকে ২৫ শতাংশ বেশি।
বিমান এর আগে ৩০ এপ্রিল ১৪টি বোয়িং কেনার চুক্তি করেছিল। তালিকামূল্যে ওই চুক্তির মূল্য ছিল প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন