Advertise top
প্রযুক্তি

সরকারি সিস্টেম হ্যাকে ওপেনএআই, আইন বদলাবে অস্ট্রেলিয়া

বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম    

অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইট এআই হ্যাকিংয়ের শিকার হয়েছিল।

অস্ট্রেলিয়ার মেডিকেয়ার ব্যবস্থায় ওপেনএআইয়ের এআই এজেন্টের হ্যাকিংয়ের ঘটনায় আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার, বিরোধীদের অভিযোগ নাকচ করেছেন প্রধানমন্ত্রী আলবানিজি।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি একটি এআই এজেন্ট জুন মাসে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য বিমা ব্যবস্থা মেডিকেয়ারের পরিসংখ্যান ওয়েবসাইটসহ আরও তিনটি সরকারি সিস্টেমে অনুপ্রবেশ করে। বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদে দাঁড়িয়ে প্রকাশ করেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি। এরপরই বিরোধী দল অভিযোগ তোলে, তথ্য গোপন রেখে দেরিতে বিষয়টি প্রকাশ করেছে সরকার।

 

নিউজ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ নাকচ করে আলবানিজি বলেন, তথ্য যাচাই না করে আগেভাগে ঘোষণা দিলে জনমনে অহেতুক উদ্বেগ তৈরি হতো। বিরোধীদের সঙ্গে যথাসময়ে ব্রিফিং করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

হ্যাকিংয়ের বিষয়ে ১৭ সেপ্টেম্বর নিজে অবহিত হয়েছিলেন বলে জানান সরকারি সেবাবিষয়ক মন্ত্রী কেটি গ্যালাঘার। এর একদিন-দুদিন পরই তিনি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানান। যুক্তরাষ্ট্র সফরের আগে ১৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের নির্বাহী চেয়ারম্যান টিম কুকের সঙ্গে সাক্ষাৎ করেন আলবানিজি। এরপর নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন তিনি।

 

গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান সিগন্যালস ডিরেক্টরেটের পর্যালোচনায় খতিয়ে দেখা হচ্ছে, বিদ্যমান আইনে বিষয়টির সুরাহা সম্ভব কি না। পরিবেশমন্ত্রী মারে ওয়াট জানান, বর্তমান আইনে না হলে আইন সংশোধন করা হবে। বিষয়টি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কাছে পাঠানো যায় কি না, তাও খতিয়ে দেখছে টাস্কফোর্স।

 

প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতিবিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ড্রু চার্লটন বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা সরকারের। বছরের শেষ নাগাদ এআই সংক্রান্ত নতুন মানদণ্ড আইন আকারে সংসদে তোলার পরিকল্পনা করছে ক্ষমতাসীন লেবার পার্টি।

 

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিরিয়া বেনেট মোজেস বলেন, কোনো প্রতিষ্ঠানের এআই এজেন্ট অপরাধ করলে সেই দায় প্রতিষ্ঠানের ওপর কীভাবে বর্তাবে তা স্পষ্ট করা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পক্ষ দেওয়ানি মামলার মাধ্যমে ক্ষতিপূরণ চাইতে পারে বলেও মত দেন তিনি।

 

স্বতন্ত্র সিনেটর ডেভিড পোকক বলেন, ২০২৪ সালে ঝুঁকিপূর্ণ এআই নিয়ে নির্দেশনা প্রণয়নের কথা ভেবেছিল সরকার। কিন্তু ২০২৫ সালের শেষদিকে সেই পরিকল্পনা থেকে সরে আসে তারা, যা এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেলর বলেন, তথ্য ফাঁসের জন্য দায়ী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে সরকারের সঙ্গে কাজ করতে রাজি তার দল।

 

ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি বলেন, প্রশিক্ষণ ও মূল্যায়ন পর্যায়ে মডেলের ‘অস্বাভাবিক আচরণ’ নিয়ে ব্যাপক পর্যালোচনা চালাচ্ছে ওপেনএআই। অভ্যন্তরীণ মূল্যায়নের সময় অস্ট্রেলিয়াবিষয়ক তথ্য খুঁজতে গিয়ে দেশটির একাধিক সরকারি ওয়েবসাইট ও সেবায় এআই মডেলটির কার্যক্রম শনাক্ত হয়েছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত পক্ষগুলোকে অবহিত করাসহ তদন্তে সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal