Advertise top
জাতিসংঘ

মামদানিকে লক্ষ্যবস্তু করবেন নেতানিয়াহু, আশঙ্কা

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম    

মামদানিকে লক্ষ্যবস্তু করবেন নেতানিয়াহু, আশঙ্কা
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ: ছবি: গার্ডিয়ান

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী, যুদ্ধাপরাধী নেতানিয়াহু। বিশ্বের গণমাধ্যমগুলো আশঙ্কা করছে এতে লক্ষ্য হতে পারেন মেয়র মামদানি।

 

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর কড়া সমালোচক হিসেবে পরিচিত এবং তাকে একাধিকবার ‘যুদ্ধাপরাধী’ বলে আখ্যা দিয়েছেন। জাতিসংঘে বক্তব্যের আগে চলতি সপ্তাহে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেন, মামদানি হামাসকে সমর্থন করছেন এবং শহরের ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঙ্গায় উসকানি দিচ্ছেন। মামদানির কার্যালয় তাৎক্ষণিকভাবে এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

সাবেক ইসরাইলি রাষ্ট্রদূত মাইকেল ওরেন রয়টার্সকে বলেন, নেতানিয়াহুর এই ভাষণ অনেকটা ‘নির্বাচনী প্রচারণার বক্তৃতার’ মতো হতে পারে। তিনি উল্লেখ করেন, মামদানি ও ইরানকে আক্রমণ করে নেতানিয়াহু আগামী মাসের ইসরাইলি সাধারণ নির্বাচনে দ্বিধাগ্রস্ত ভোটারদের নিজের পক্ষে টানার চেষ্টা করতে পারেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোতের সঙ্গে চলা প্রতিযোগিতায় এটি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন ওরেন।

 

চলতি বছরের জুলাইয়ে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের এখতিয়ার তার কার্যালয়ের আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গাজা যুদ্ধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামদানি সে সময় বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী যাকে আইসিসি অভিযুক্ত করেছে, আর এই মূল্যায়ন অনেকেই সমর্থন করেন।

 

তবে তিনি স্বীকার করেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার তার নেই। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং আদালতের কর্তৃত্ব স্বীকার করে না। সমালোচনা সত্ত্বেও নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে নির্ধারিত বিক্ষোভে অংশ নিচ্ছেন না মামদানি। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তিনি এর পরিবর্তে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি এলজিবিটিকিউ+ কেন্দ্র পরিদর্শনে যাবেন।

 

গত বছরের জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে নেতানিয়াহু বক্তৃতা শুরু করলে প্রতিনিধিদের একাংশ ওয়াকআউট করেন। এতে তিনি অনেকটা ফাঁকা আসনের সামনে ভাষণ দিতে বাধ্য হয়েছিলেন। এবারও জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal