Advertise top
জাতিসংঘ

জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম    

জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টায় তাঁর বক্তব্যের কথা রয়েছে।

 

জাতিসংঘের সাধারণ পরিষদে এটি তাঁর প্রথম ভাষণ। বিকেলের অধিবেশনে ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম বক্তা। ভাষণের জন্য তাঁকে ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

খবরে বলা হয়েছে, ভাষণে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার তুলে ধরা হবে। বিশেষ গুরুত্ব পাবে জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, মানবিক বিষয় ও রোহিঙ্গা সংকট।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম জানান, ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে। আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়নের অগ্রাধিকার ও বিশ্ব শান্তির বিষয়গুলো তুলে ধরবেন। তিনি আরও জানান, ভাষণে দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু বিষয়ক পদক্ষেপ ও জলবায়ু অর্থায়নের প্রসঙ্গও থাকবে।

 

ভাষণের আগে প্রধানমন্ত্রীর জাতিসংঘের সদর দপ্তরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্ট অস্তিত্বের সংকট মোকাবিলা বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

 

দিনের কর্মসূচিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকও আছে। ভাষণের পর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal