বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক শ্লথগতির আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ও চীন উন্নয়নের গতি অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার ওয়াশিংটনে বৈঠক করছেন, যা চলতি বছরে তাদের তৃতীয় সাক্ষাৎ। বিশ্লেষকরা এই বৈঠক থেকে এআই নিরাপত্তায় সীমিত সহযোগিতার বেশি কিছু আশা করছেন না।
জাতিসংঘ সাধারণ পরিষদে মঙ্গলবার ট্রাম্প এআই নিয়ন্ত্রণের যেকোনো আন্তর্জাতিক উদ্যোগকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে বিরোধিতার ঘোষণা দেন। অন্যদিকে চীন এ মাসে নিজস্ব নিরাপত্তা কাঠামোর তৃতীয় সংস্করণ প্রকাশ করলেও অস্তিত্বসংকট নিয়ে সিলিকন ভ্যালির উদ্বেগকে ভয়ভীতি ছড়ানো বলে উড়িয়ে দিয়েছে।
অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ও ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানসহ শিল্পনেতারা কড়া নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। তবে মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডেভিড ক্রুগার আল জাজিরাকে বলেন, অবিলম্বে ও অনির্দিষ্টকালের জন্য এআই উন্নয়ন স্থগিত করা প্রয়োজন।
বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষের অবিশ্বাস ও ঝুঁকি নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে বাস্তব সমঝোতার সম্ভাবনা কম। এখন পর্যন্ত কেবল একটি সংলাপ ব্যবস্থা ও নিরাপত্তা-হুমকি সংক্রান্ত তথ্য বিনিময়ের প্রস্তাবই সামনে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন