বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে করপোরেট স্বার্থের সমালোচনা নতুন রাজনৈতিক জনতুষ্টিবাদের জন্ম দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন শ্রমমন্ত্রী রবার্ট রাইখ।
দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক মতামত নিবন্ধে সাবেক মার্কিন শ্রমমন্ত্রী ও কলামিস্ট রবার্ট রাইখ লেখেন, বামপন্থী নেতা বার্নি স্যান্ডার্স ও দক্ষিণপন্থী ভাষ্যকার স্টিভ ব্যাননের মতো ভিন্নধর্মী দুই ব্যক্তিত্ব সম্প্রতি ওয়াশিংটনে এআই ডেটা সেন্টারবিরোধী এক সমাবেশে একসঙ্গে বক্তব্য দেন। রাইখের মতে, এটি ইঙ্গিত দেয় যে এআই খাত নিয়ে অসন্তোষ এখন রাজনৈতিক মেরুকরণ অতিক্রম করছে।
নিবন্ধে উল্লেখ করা হয়, মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মোট অর্থনীতিতে শ্রমিকদের মজুরির অংশ নেমে এসেছে রেকর্ড ৫২ দশমিক নয় শতাংশে, যেখানে ১৯৪৭ সালে হিসাব রাখা শুরুর সময় তা ছিল ৬৫ শতাংশের বেশি। এক সাম্প্রতিক এনবিসি জরিপে ৫৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, ক্ষমতাবানরা রাজনীতিতে যা খুশি তাই করতে পারেন।
রাইখ তার নিবন্ধে যুক্তরাষ্ট্রের উভয় প্রধান রাজনৈতিক দলকে করপোরেট স্বার্থের সমালোচনায় পিছিয়ে থাকার অভিযোগ করেন এবং প্রশ্ন তোলেন, ডেমোক্র্যাটরা এই নতুন জনতুষ্টিবাদী মনোভাবকে কাজে লাগাবে কি না। উল্লেখ্য, এটি লেখকের ব্যক্তিগত মতামত, প্রতিবেদন নয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন