Advertise top
আদালত-অপরাধ

বরিশালে মুহুরি হত্যা, স্ত্রী গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম    

বরিশালে মুহুরি হত্যা, স্ত্রী গ্রেপ্তার
আদালতে নেওয়া হচ্ছে আসামি নাছিমা বেগমকে। ছবি: বরিশাল নিউজ

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানার বাঘিয়া এলাকায় নুরুজ্জামান হাওলাদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী নাছিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

পারিবারিক কলহের জের ধরে গত ১৪ সেপ্টেম্বর রাতে এই হত্যাকাণ্ড ঘটে বলে এয়ারপোর্ট থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

পুলিশ জানায়, এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, নুরুজ্জামান হাওলাদার ও নাছিমা বেগমের বিয়ে হয় ১৯৯৪ সালে। তাঁদের দুই সন্তান—মেয়ে ইশরাত জাহান পপি (২৮) ও ছেলে ইমন হোসেন (২৬)। ছেলে মালয়েশিয়াপ্রবাসী, আর মেয়ে স্বামীর সঙ্গে ঢাকার ভাটারা থানা এলাকায় থাকেন।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নুরুজ্জামান একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বাদানুবাদ হতো।

 

ঘটনার দিন রাত অনুমান ১০টার দিকে নুরুজ্জামান বাসায় ফেরার পর পরকীয়া প্রসঙ্গ নিয়ে ফের ঝগড়া হয়। এই পর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করে ঘুমিয়ে পড়েন।

 

পুলিশ জানায়, স্বামী ঘুমিয়ে পড়ার পর নাছিমা বেগম রান্নাঘর থেকে একটি শীল এনে তাঁর মাথার ডান পাশে আঘাত করেন। আঘাতের পরও মৃত্যু নিশ্চিত না হওয়ায় বালিশ দিয়ে চেপে ধরে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।

হত্যায় ব্যবহৃত শীল ও বালিশ। ছবি: বরিশাল নিউজ


স্বামীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর নাছিমা বেগম স্বামীর ব্যবহৃত মোবাইল ফোন, কিছু দলিলপত্র ও বাসার চাবি ব্যাগে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। যাওয়ার পথে তিনি নিজের বোনের মেয়ে খাদিজা বেগমকে ফোন করে বাঘিয়াস্থ আবহাওয়া অফিসের সামনের রাস্তায় ডেকে নিয়ে জানান, সকালে তিনি আত্মসমর্পণ করবেন। এরপর তিনি আত্মগোপনে চলে যান।

 

পরবর্তীতে অভিযান চালিয়ে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে নাছিমা বেগমকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal