বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পাল্টা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৃহস্পতিবার রাতে এক পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।”
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ড প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা তুলে ধরা হয়।
পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। এক্সে তারেক রহমানের পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, “আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।”
গত ১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন