বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় এ রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বাসস জানিয়েছে, আজ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় সাত আসামির সবাই পলাতক ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
রায়ে ট্রাইব্যুনাল বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক (৫০ শতাংশ) বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রির অর্থ থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টে নিহত ও আহতদের অথবা তাদের পরিবারকে জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, আর আসামিপক্ষে আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান শুনানিতে অংশ নেন।
অভিযোগের সারসংক্ষেপ
অভিযোগে বলা হয়, আসামিদের নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সদস্যরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতন করে। প্রসিকিউশনের ভাষ্যমতে, সারা দেশে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এক হাজার ৪০০-এর বেশি আন্দোলনকারীকে হত্যা এবং ২৫ হাজারের বেশি মানুষকে গুরুতর জখম করা হয়।
এর আগে একই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর প্রথম রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন