বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

বরিশালের গৌরনদীতে ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ী ফিরছিলেন মো.ফারুক সরদার (৫৫) ও রুস্তম মীর নামের দুই মুসল্লি।পথে ইজিবাইকের ধাক্কায় নিহত হন মো.ফারুক সরদার।
নিহত ফারুক সরদার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।আজ রবিবার,১৩ সেপ্টেম্বর ভোরে গৌরনদীর দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রুস্তম মীর(৬৫)গুরুতর আহত হয়েছেন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান,নামাজ শেষে তাঁরা দুজন মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাঁদের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ইজিবাইকসহ চালক পালিয়ে গেছে। সেটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন