Advertise top
বাংলাদেশ

ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নম্বর প্লেট ও কিউআর কোড

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম    

ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নম্বর প্লেট ও কিউআর কোড
ব্যাটারিচালিত অটোরিকশা। ফাইল ছবি

ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়মতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনতে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করার পরিকল্পনা করা হচ্ছে । জাতীয় সংসদ অধিবেশনে সোমবার পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

মন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা হওয়ার পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোড দেওয়া হবে । যাতে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়। অটোরিকশার চালকদেরও নিবন্ধন এবং প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নীতিমালা অনুমোদনের পর অটোরিকশার নিবন্ধন, রুট নির্ধারণ, চালক নিয়ন্ত্রণ, চলাচল ব্যবস্থাপনা ও আইন প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা পর্যায়ক্রমে নেওয়া হবে।

 

তিনি বলেন, দেশে বর্তমানে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে। এসব যান চার্জ দিতে দেশের মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় পাঁচ শতাংশ প্রয়োজন হয়, যা আরও বেশি হতে পারে।

 

"বিপুল এই চাহিদার বিপরীতে বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র প্রায় তিন হাজার ৩০০টি। আর, শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে বলে আমাদের ধারণা। ফলে জাতীয় গ্রিড ও স্থানীয় বিতরণ ব্যবস্থায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং বছরে প্রায় চার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।"

 

মন্ত্রী এক পরিসংখ্যানের বরাতে আরও জানান, ২০২৫ সালে ৬৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯১১১ জন নিহত হন। আর দুর্ঘটনাযুক্ত যানবাহনের মাঝে ব্যাটারিচালিত অটোরিকশা ছিল ১৩ দশমিক ৫৪ শতাংশ।

 

"এই বাস্তবতায় প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে ডিএমপি অভিযান চালাচ্ছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারী গ্যারেজেও অভিযান চলছে।"


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal