বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

বাংলাদেশে অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দিতে দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক হোসেন। সে সময় তাকে ঘিরে নেতাকর্মীদের শ্লোগান দিতেও দেখা যায়। সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ‘আমি ইশরাক হোসেন, ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। গত ১২ তারিখ শপথ নিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি।’

অস্ত্রহাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এর মাদক বিরোধী অভিযান। ছবি: সংগৃহীত
বিবিসি নিউজ বাংলা জানায়, গত শনিবার অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।
সেই পোস্টটি ছড়িয়ে পড়লে এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার জন্ম দেয়। পরদিন রবিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ইসরাক হোসেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের একাধিক সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাকে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার নির্দেশ দেওয়ার পর তিনি একটি পদত্যাগপত্রের খসড়াও প্রস্তুত করেছিলেন।
রাত দশটার দিকে বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও খবর ছড়িয়ে পড়ে যে, ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনেও ইশরাককে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমন খবর প্রচার করা হয়। এ নিয়ে তোলপাড় তৈরি হলে রাতেই ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন "গণমাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত খবর অসত্য ও বিভ্রান্তিকর"।
এর কয়েক ঘণ্টা পর সোমবার সকালে আবারও নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ইশরাক হোসেন দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগ করার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন