Advertise top
আদালত-অপরাধ

উজিরপুরে মাইক্রোবাসে এসে হামলা, নিহত ১

বরিশাল নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম    

উজিরপুরে মাইক্রোবাসে এসে হামলা, নিহত ১
উজিরপুর থানা । ফাইল ছবি

অতর্কিত হামলায় উজিরপুরে কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় শুক্রবার, ২৩ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নিহত হন তিনি। উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী এলাকার একটি ব্রিজের ওপর তিনি রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মীর সঙ্গে কথা বলছিলেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় মাইক্রোবাসে করে সশস্ত্র একদল লোক এসে তাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে কাওসার ও রাশেদ ব্রিজের নিচে পানিতে ঝাঁপ দিয়ে হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে কাওসারকে কুপিয়ে জখম করে চলে যায়।

 

কাওসারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় রাশেদ আমিন গুরুতর আহত হয়েছেন।

 

কাওসার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালাতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

 

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal