বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

ছেলে মেয়েকে সম্পত্তি দানের পরেও আজীবন বাবা-মায়ের ওই সম্পত্তি ভোগ-দখল করার অধিকার নিয়ে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,২০২৬' জাতীয় সংসদে পাস হয়েছে। আইনটিকে ‘শরীয়তবিরোধী’ আখ্যা দিয়ে রবিবার, ছয় সেপ্টেম্বর রাতের সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আইনটিকে কোরআন-সুন্নাহ বিরোধী উল্লেখ করে এটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তবে এই বিলের ওপরে ভোটে অংশ নেয়নি বিরোধী দল।
সন্তানকে জীবদ্দশায় সম্পত্তি লিখে দেওয়ার পর নিজ বাড়ি থেকেই বিতাড়িত হওয়া অথবা অসহায় হওয়ার ঘটনার বেশ কিছু উদাহরণ রয়েছে বাংলাদেশে। দেশের আদালতগুলোতে এমন মামলার ঘটনাও অহরহ দেখা যায়।
বর্তমানে প্রচলিত "দ্যা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২ অথবা সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২" অনুযায়ী, কেউ সম্পত্তি দান করলে সেটির মালিকানা ও ভোগদখলের অধিকার গ্রহীতার কাছেই চলে যায়। যে কারণে বাবা-মা জীবদ্দশায় সম্পত্তি লিখে দেয়ার পর অসহায় হয়ে পড়েন।
আইনটি পাসের আগে আজ রবিবার সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, “আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি কোরআনের মূল নীতিকে রাখবো নাকি বাদ দেব? আমাদের কী বাদ দেওয়ার কোনো অধিকার আছে? আমি বিশ্বাস করি, বিষয়টি খুবই সংবেদনশীল একটা বিষয়।”
বেশ কিছু বিষয় উল্লেখ করে তিনি দাবি করেন, আইনের সাথে বেশ কিছু বিষয় সম্পৃক্ত নেই ফলে সরাসরি সাংঘর্ষিক হচ্ছে।
পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এটা খুবই পরিষ্কার যে, এই আইনের অধীনে সম্পত্তি হস্তান্তর বা দান করা হলে কোনভাবেই সেটি হেবা, অছিয়ত বা অন্য কোন সম্পত্তি হস্তান্তরকে প্রভাবিত করবে না।
অসহায়, বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকার জন্যই এই আইন বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই বিলের প্রস্তাবে ভোট করেন। এ সময় সংসদ কক্ষ থেকে বের হয়ে যান বিরোধী দলের সংসদ সদস্যরা।
পরে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,২০২৬' জাতীয় সংসদে পাস হয়।
আইনবিদরা বলছেন, এর ফলে বাংলাদেশে এখন আর বাবা-মায়েরা নিজের জীবদ্দশায় সম্পত্তি সন্তানকে দান করলেও পরবর্তীতে অনিরাপত্তায় ভুগবেন না। কারণ জীবিত থাকাবস্থায় সম্পত্তি তার অধীনেই থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন