বরিশাল নিউজ
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

বরিশালের আগৈলঝাড়া থানায় যার কারনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে সেই রিয়াজ ফকিরকে চুরির মামলায় হাসপাতাল থেকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে তাকে বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হকের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিয়াজ ফকির (২৬) আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে। গত বুধবার সন্ধ্যায় একটি দোকানে চুরির মামলায় তাকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ।
আদালতে নেওয়া আগৈলঝাড়া থানার এএসআই আল-আমিন জানান, হাসপাতাল থেকে আদালতে নেওয়ার পথেও রিয়াজ নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশের দাবি, রিয়াজ ফকির মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত হিসেবে তাদের কাছে চিহ্নিত। এর আগে র্যাব ও পুলিশের অভিযানে তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন