Advertise top
বরিশাল

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

বরিশাল নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১১:৩০ পিএম    

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২
আটক যুবককে পিটিয়ে হত্যার গুজবে থানায় হামলা। ছবি: বরিশাল নিউজ

চুরি মামলায় গ্রেপ্তার এক যুবককে পিটিয়ে হত্যার গুজবে বরিশালের আগৈলঝাড়া থানায় বৃহস্পতিবার, ৯ জুলাই হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। এরমধ্যে পুলিশ সদস্য রয়েছেন পাঁচজন।পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান বলেন,হামলায় দুই থেকে তিন শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। এ সময় থানা ভাঙচুর ও পুলিশের পাঁচ সদস্যকে মারধর করা হয়। হামলাকারীদের ঠেকাতে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন।

 

সংঘর্ষে থানার এএসআই হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন ও মেহেদি হাসান এবং গ্রেপ্তার রিয়াজের মা নাছরিন বেগম (৫০), বোন শারমিন আক্তার (২৮) মমতাজ বেগমসহ (৪৭) দুইপক্ষের ১২ জন আহত হন।

 

গুরুতর আহত এএসআই  হালিমকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নাছরিন, শারমিন, মমতাজ ও ২ জন পুলিশ সদস্য আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেপ্তার এড়াতে আহত অনেকে গোপনে চিকিৎসা নিয়েছেন।

 

ওসি মাসুদ খান জানান, যার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন আছেন বলে ইন্টার্ন চিকিৎসক সাকিবুল হাসান শান্ত জানিয়েছেন। আহত রিয়াজ ফকিরের মেজর কোনো ইনজুরি নেই। তবে মাথায় আঘাত রয়েছে।

 

পুলিশ জানায়, চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে আগৈলাড়া থানা পুলিশ বুধবার সন্ধায় গ্রেপ্তার করে। থানার হাজতে থাকা অবস্থায় তিনি দেওয়ালে নিজের মাথায় একাধিক আঘাত করলে জ্ঞান হারান। এদিন রাত ১১টায় তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর গুজব ছড়ায়।

 

মাসুদ খান আরও বলেন, বিক্ষোভকারীরা দায়িত্বরত ডিউটি অফিসার সহকারী পরিদর্শক আব্দুল হালিমকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এসময় হামলাকারীরা থানা ভবনের বাইরে থেকে ইটপাটকেল মারতে থাকেন।

 

এব্যাপারে রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম ও বাবা সিদ্দিক ফকির বলেন, রিয়াজকে রাস্তা থেকে বিনা অপরাধে পুলিশ ধরে নিয়ে মারধর করেছে। মারধরে গুরুতর আহত অবস্থায় বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal