বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পিএম আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল-পাটা দিয়ে বাবা উত্তম দেবনাথকে (৬০) খুন করেছে ছেলে তাপস দেবনাথ। এ ঘটনায় তাপসকে গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামে শুক্রবার, ৩ জুন রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উত্তম দেবনাথ পূর্ব সুবিদখালী গ্রামের মহেন্দ্র দেবনাথের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে উত্তম দেবনাথ ও ছেলে তাপস দেবনাথ নিজ ঘরে এবং উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের পিছনে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ৪টার দিকে তাপস দেবনাথ ঘরে রাখা শিল-পাটা (মশলা বাটার কাজে ব্যবহৃত) দিয়ে কপালে আঘাত করলে উত্তম দেবনাথ চিৎকার দেন। এসময় স্ত্রী কানন দেবনাথ ঘরে গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনিও চিৎকার করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে উত্তম দেবনাথকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য মো. মোশারেফ হোসেন বলেন, পুলিশ খবর দিলে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উত্তম দেবনাথের মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের পুত্র অভিযুক্ত তাপসকে পুলিশ আটক করে।
মির্জাগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে তাপসকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন