বরিশাল নিউজ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারায় ট্রাক্টর ও অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক মো.নাইমুল আলম মারা গেছেন। আহত হয়েছেন সাতজন। নিহত মো. নাইমুল আলম চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব মিঙ্গলী গ্রামের বাসিন্দা নুরুল আলমের ছেলে।
অ্যাম্বুলেন্সটি রোগী ও স্বজন নিয়ে বরিশালে যাচ্ছিল। আহতদের মধ্যে পাঁচজন অ্যাম্বুলেন্স যাত্রী। বাকী দুইজন ট্রাক্টর চালক ও তার হেলপার।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন: ট্রাক্টর চালক শাকিল হোসেন ও তার সহকারী প্রদীপ, অ্যাম্বুলেন্সের যাত্রী ভোলার দৌলতখান উপজেলার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম এবং সানজিদা খানম।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে বিসমিল্লাহ পরিবহনের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন।
গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ জানান, শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন