বরিশাল নিউজ, ঝালকাঠি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা অমান্য করায় ঝালকাঠিতে ১৮ দিনের অভিযানে চারজনের কারাদণ্ড হয়েছে। জব্দ হয়েছে প্রায় ৬ লাখ ৪৩ হাজার মিটার জাল।
জেলা মৎস্য অধিদপ্তর জানায়, ৮ থেকে ২৫ অক্টোবর জেলার চার উপজেলায় ২৮০টি অভিযান চালানো হয়। এর মধ্যে ৫৩টি ছিল ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১২০ কেজি ইলিশ ও ছয় লাখ ৪৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৬ লাখ তিন হাজার ৫০০ টাকা।
উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি জাল জব্দ হয়েছে নলছিটিতে, দুই লাখ ৬৮ হাজার ৮০০ মিটার। কাঁঠালিয়ায় জব্দ হয়েছে এক লাখ ১৭ হাজার ২০০ মিটার জাল ও ৮২ কেজি ইলিশ। ঝালকাঠি সদরে জব্দ হয়েছে এক লাখ ৪০ হাজার ৫০০ মিটার জাল ও ১৮ কেজি ইলিশ। রাজাপুরে জব্দ হয়েছে এক লাখ ১৬ হাজার ৫০০ মিটার জাল ও আট কেজি ইলিশ।
সদরে তিনটি এবং নলছিটি ও রাজাপুরে দুটি করে মোট সাতটি মামলা হয়েছে। নলছিটি ও রাজাপুরে দুজন করে চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক জানান, সুগন্ধা ও বিষখালীসহ বিভিন্ন নদীতে নজরদারি চলছে। তিনি জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মানার আহ্বান জানান। সারা দেশে ৮ থেকে ২৯ অক্টোবর টানা ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন