বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

দেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী উপবৃত্তি পাবে। সরাসরি টাকা পাঠাতে ব্যাংক বা মোবাইল হিসাব খোলার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক ১৮ নভেম্বর এ নির্দেশনা জারি করেন। সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রীদের জন্য ১০০ শতাংশ উপবৃত্তি চালু হবে। ছাত্রদের জন্য বিদ্যমান পদ্ধতি থাকবে।
টাকা পাঠানো হবে জিটুপি পদ্ধতিতে। এজন্য অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং হিসাব লাগবে। যাদের নাম এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আছে বা যারা এখন উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন হিসাব খুলতে হবে না।
অভিভাবক হিসেবে বাবা বা মাকে বিবেচনা করা হবে। তারা না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা বা নানি অভিভাবক হতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ে টাকা নেওয়া যাবে শুধু বাবা বা মা জীবিত থাকলে। সে ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রে সিম নিবন্ধন ও তার নামে হিসাব খুলতে হবে। কেওয়াইসি ফরম অনলাইনে জমা দিতে হবে।
বাবা-মা না থাকলে বিকল্প অভিভাবকের পরিচয়পত্র ব্যবহার করে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে হিসাবটি স্থগিত হয়। তখন নিজের জাতীয় পরিচয়পত্র নিয়ে হিসাব হালনাগাদ করতে হবে। কোনো অভিভাবক না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান তৃতীয় একজনকে অভিভাবক উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন।
নতুন প্রতিষ্ঠান উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে পারবে। সমস্যায় mis.hsp@pmeat.gov.bd ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন