বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল ১০৩ বছর আগে ১৯২৩ সালে। সেই হিসেবে ২০২৩ সালে শতবর্ষ পূর্তি উৎসব পালনের জন্য ব্যাপক আয়োজনের উদ্যোগ নেয়াও হয়েছিল। কিন্তু আয়োজকদের মধ্যে দ্বন্দ্বের কারনে উৎসবটি আর হতে পারেনি। তিন বছর পার করে আজ উদ্বোধন করা হলো সেই শতবর্ষ অনুষ্ঠানটি।
স্কুল ক্যাম্পাস থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রক্তনীরা বর্ণিল সাজে ঢাক ঢোল বাজিয়ে র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র্যালির অগ্রভাগে ছিলেন ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।আয়োজন ঘিরে তার দৌড়ঝাপ নজর কেড়েছে সবার।গার্লস গাইডের প্রক্তনী শিরীনকে দেখা গেছে ড্রাম প্রাকটিস করতে। প্রান্তিক সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থী সেই শিরীন গিটার প্রাকটিস করতেও ছুটেছেন শিক্ষক ললিত দাসের বাড়ীতে। শত বছরের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরবের দিনটিকে তিনি যেন নিজের করেই নিয়েছিলেন।
প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন বলে আয়োজক সূত্র জানিয়েছে। গোলাপী রংয়ের স্কুল ড্রেসের সাথে রং মিলিয়ে গোলাপী শাড়ী উপহার পেয়েছেন তারা। প্রশাসক ব্যক্তিগতভাবে সবাইকে নিজের ছবি ছাপানো মগ উপহার দিয়ে কি অগ্রিম একটু নির্বাচনী প্রচারণাও চালিয়ে নিলেন? এমন মগ পেয়ে হাসিমুখে সবার মনে যেন সেই প্রশ্নটিও ছিল।
দুই দিনব্যাপী জমকালো এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বরিশাল নগরীর এক সময়ের বাসিন্দা ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন