বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

গোপালগঞ্জের পরিস্থিতি সামলাতে একই দিনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর এবার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে বদলির আদেশটি জানানো হয়েছে।
বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের তিনজনকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পোস্টিং দেওয়া হয়েছে।
এদিকে সোমবার আরও চার প্লাটুন বিজিবি মোতয়েন করা হয়েছে। এরআগে রবিবার সারাদিনের সহিংসতার পর বিকালে গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য দিয়েছিলেন প্রশাসনের কর্মকর্তারা।

বিবিসি বাংলা স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে জানিয়ে যে, রবিবারের থেকে সোমবার গোপালগঞ্জ শহরসহ জেলার অন্যান্য উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেড়েছে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোয় অবস্থান নিয়ে আছে পুলিশ। সেইসঙ্গে, মাঠে রয়েছেন এসআরবি ও বিজিবি'র সদস্যরা।
গত রবিবার গোপালগঞ্জ শহরে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে কলেজের আগের নাম 'সরকারি বঙ্গবন্ধু কলেজ' লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা।
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করার ঘটনাও ঘটেছে।
পুলিশ বলেছে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত ।
বিবিসি বাংলা আরো জানায়, মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৯শে নভেম্বর বাংলাদেশে 'লকডাউন' কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
তার প্রস্তুতির অংশ হিসেবে রবিবার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করে বলে জানান দলটির স্থানীয় নেতারা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন