বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

আর্থিক ও পেশাগত মর্যাদা বাড়াতে গ্রাম পুলিশ সদস্যের মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে শনিবার, ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত একই দিন থেকে কার্যকর হবে। তিনি বলেন, গ্রামীণ জনপদ নিরাপদ থাকলে দেশও নিরাপদ থাকবে। অপরাধের আগাম তথ্য সংগ্রহে গ্রাম পুলিশ বড় ভূমিকা রাখতে পারে বলেও মত দেন তিনি।
গ্রাম পুলিশ প্রধান পাবেন মাসিক ১১ হাজার টাকা। প্রত্যেক সদস্য মাসে ১৫০ টাকা মোবাইল বিল পাবেন। অবসরকালীন আনুতোষিক ৫০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। প্রধানদের ক্ষেত্রে তা ৮০ হাজার থেকে বেড়ে হয়েছে এক লাখ টাকা। থানায় যাতায়াত ভাতা সপ্তাহে ৩০০ থেকে ৫০০ টাকা হয়েছে। প্রধানদের জন্য তা ৩০০ থেকে ৬০০ টাকা।
প্রতিটি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। নারী সদস্যদের মাতৃত্বকালীন ছুটি হবে ছয় মাস। মহল্লাদার ও দফাদার পদ এখন থেকে গ্রাম পুলিশ সদস্য ও গ্রাম পুলিশ প্রধান নামে পরিচিত হবে।
প্রতিটি ইউনিয়নের একটি সড়ক গ্রাম পুলিশের নামে করার উদ্যোগ নেওয়া হবে। সাইকেল দেওয়া হবে তিন থেকে সাড়ে তিন বছর পরপর। আগে এ মেয়াদ ছিল পাঁচ বছর।
সমাবেশে প্রায় ৪১ হাজার সদস্য অংশ নেন। আট বিভাগ থেকে সেরা আটজনকে সম্মাননা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন