Advertise top
পটুয়াখালী

মাসুদ সাঈদীর ‘হালাল’ হোটেলের নির্মাণ বন্ধ

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম    

মাসুদ সাঈদীর ‘হালাল’ হোটেলের নির্মাণ বন্ধ
রিসোর্ট নির্মাণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, ইনসেটে হোটেলটির প্রচারনা। বরিশাল নিউজ ডটকম

অনুমোদন ছাড়া এবং মাস্টারপ্ল্যানে রেলের জন্য রাখা জমিতে নির্মাণ হওয়ায় কুয়াকাটায় ইস্তানবুল রিসোর্টের কাজ বন্ধ করেছে প্রশাসন।

 

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা মঙ্গলবার, ২৭ অক্টোবর প্রকল্পস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেয়। সেখানে নিষেধাজ্ঞার ব্যানার টাঙানো হয়েছে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থার কথা বলা হয়েছে। একই দিন বিচ পয়েন্ট ও শশী মহল নামে আরও দুটি হোটেলের কাজও বন্ধ করা হয়।

 

মাসুদ সাঈদীর হোটেলের প্রচারে ১৫ তলা পাঁচতারকা হোটেল, কটেজ, সুইমিং পুল, জিম ও মসজিদের কথা বলা হয়েছে। এটিকে দেশের প্রথম ‘হালাল’ পর্যটনকেন্দ্র বলে দাবি করা হয়। বিনিয়োগকারীদের বিনা মূল্যে থাকার সুযোগ ও মুনাফার ভাগের প্রতিশ্রুতিও রয়েছে। তবে ওয়েবসাইটে বিনিয়োগের শর্ত ও লভ্যাংশের আইনগত ভিত্তি নিয়ে তথ্য মেলেনি।

 

কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, মাস্টারপ্ল্যানে ওই জমি রেলওয়ের স্থাপনার জন্য বরাদ্দ রয়েছে। তিনি জানান, অনুমোদন ছাড়া ভবন নির্মাণ আইনে দণ্ডনীয় অপরাধ।

 

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, কুয়াকাটার মাস্টারপ্ল্যান এখনো অনুমোদনের অপেক্ষায়। কুয়াকাটা হয়ে পায়রা সমুদ্রবন্দর দিয়ে মোংলা পর্যন্ত রেললাইনের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের একটি অংশ ওই প্রস্তাবিত লাইনের মধ্যে পড়েছে বলে জানান তিনি।

 

প্রকল্পের তত্ত্বাবধানে আছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেন, প্রকল্পের একটি অংশের অনুমোদন ছিল না। যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। দ্রুত অনুমোদন মিলবে বলে আশা করছেন তিনি।

 

লতাচাপলী মৌজার এসএ ২৯২ নম্বর খতিয়ানের প্রায় ২১ একর ৬৬ শতক জমিতে প্রকল্পটি গড়ে উঠছে। এর অন্তত ছয় একরে সীমানাপ্রাচীর হয়েছে। জমির মালিকানা দাবি করে কলাপাড়ার বাসিন্দা উমাচ্যান মামলা করেছেন। মামলার বর্তমান অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal