বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

দখলদার ইসরাইলে আজ ভোট। এর আগে ব্রাজিলে লুলা জিতেছেন, সার্বিয়ায় হেরেছেন ভুচিচ। আগামী ১০ দিনে বিশ্বজুড়ে কয়েকটি নির্বাচনে ঘুরে যেতে চলেছে বৈশ্বিক রাজনীতি
ব্রাজিল
ব্রাজিলে চতুর্থ মেয়াদে জিতেছেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। সরকারি ফলে তিনি ৫১.৮ শতাংশ ভোট পেয়েছেন, ফ্লাভিও বলসোনারো ৪৮.২ শতাংশ। প্রথম দফায় বলসোনারো এগিয়ে ছিলেন, ৪৭ শতাংশ বনাম ৪৫ শতাংশে। ব্রাজিল কারও পেছনের উঠান হতে রাজি নয় বলে জয়ের ভাষণে মন্তব্য করেন লুলা।
সার্বিয়া
সার্বিয়ায় পরাজয় মেনেছেন আলেকসান্দার ভুচিচ। তিনি ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন। নোভি সাদে ২০২৪ সালে রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন মারা যান। এরপর দুই বছর ছাত্রদের আন্দোলন চলে, আর জয়ী হয়েছে সেই ধারার স্টুডেন্ট লিস্ট।
ইসরাইল
দখলদার ইসরাইলে মঙ্গলবার, ২৭ অক্টোবর সাধারণ নির্বাচনের ভোট হচ্ছে। গাজা ও লেবাননের যুদ্ধের সূচনা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলার পর এটিই প্রথম নির্বাচন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট।
নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা আভিভ বুশিনস্কি রয়টার্সকে জানান, তিনি জিতলে বসতি সম্প্রসারণ ও যুদ্ধ চলবে। ফিলিস্তিনি বিশ্লেষক গাসান আল-খাতিবের মতে, বিজয়ী যেই হোন, ফিলিস্তিনিদের প্রতি দখলদার ইসরাইলের নীতির মূল কাঠামো বদলাবে না।
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সম্ভব হলে সিনেটের নিয়ন্ত্রণ চাইছে। রিপাবলিকানরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টায় আছে। ফার্স্টপোস্ট জানায়, ফলাফলকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সূচক হিসেবেও দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন